ভারতের কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে মিছিল করেছেন বামপন্থী দলগুলোর নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটিকে উপদূতাবসের ২০০ মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ। খবর বিবিসি বাংলা।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সংক্ষেপে সিপিআই (এম), সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা এসএসপি, একতা দল, ফরোয়ার্ড ব্লক এতে অংশ নেয়। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের পাশাপাশি সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপরে হামলার বিরোধিতা করেন তারা।
সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বলেন, বাংলাদেশে যা হচ্ছে, সেকুলার ডেমোক্রেসিকে আক্রমণ করা হচ্ছে। যা কিছু মুক্ত চিন্তা প্রতীক, যা কিছু স্বাধীনতার প্রতীক এগুলো আক্রান্ত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি।
সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেটা বাংলাদেশে ও ভারত দুই জায়গাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি।
এর আগে দুপুরে ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ।










