আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করেন।

গতকাল দুপুরে ঝালকাঠি জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহসভাপতি মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরমেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।