রংপুরে পুলিশের পৃথক অভিযানে চাকরির পরীক্ষায় জালিয়াতি, জুয়া ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে ৫ জনকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এবং ১০ জনকে জুয়ার আসর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরো ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি ইলেকট্রনিক ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি সাধারণ মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড বসাতে ব্যবহৃত একটি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষর করা ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।