কুমিল্লার হোমনায় ফারুক মিয়া ওরফে পান্ডু (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাতে হোমনার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া হোমনা পৌরসভার বাগমারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এলাকায় সে পান্ডু ডাকাত নামে পরিচিত বলে জানিয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা। তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও চারটি ডাকাতির মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, পান্ডুর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কে বা কারা তাকে বৃহস্পতিবার গভীর রাতে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে পান্ডুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাজমুল হুদা আরো জানান, পান্ডু ডাকাত নারায়ণগঞ্জে বসবাস করত। ঘটনার রাতে সে এলাকায় আসে। ডাকাতির মালামালের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।