ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া খুলনা, গাইবান্ধা, রাজধানীর মিরপুর ১২ নম্বর, রাজবাড়ী, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও গত রোববার রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সাথী আক্তার তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ সদর থেকে অটোরিকশা করে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ীতে ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়ায় ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ইদ্রিস আলী মারা যান।

সাথী আক্তার (২৩) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী ও ইদ্রিস আলী (৪৮) কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে।

খুলনা: পাইকগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় খায়রুল আলম (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টায় পাইকগাছা-কয়রা সড়কের মৌখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান। নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে।

অন্যদিকে সকাল ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা মোটর শ্রমিক ইউনিয়নের সামনে লরিচাপায় মো. সোহেল (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাইওয়ে থানার কাছে কালীতলায় একটি অটোরিকশা দাঁড়িয়েছিল। এ সময় রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে চালক রায়হান মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরে পরিস্থান নামে একটি বাসের ধাক্কায় সুজন ব্যাপারী (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি একই কোম্পানির অন্য একটি বাসের হেলপার ছিলেন। গতকাল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ নামে এক যুবক জানান, সুজন তার বন্ধু। মিরপুর রূপনগর চলন্তিকা ঝিলপাড়ে থাকতেন সুজন। সকালে মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলছিলেন তিনি। এ সময় পরিস্থানের আরেকটি বাস এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন সুজন। পরে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সুজন মারা যান।

রাজবাড়ী: দোকানে পান আনতে গিয়ে মোটরসাইকেলচাপায় গুলজান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের ইমান আলী খাঁর স্ত্রী। গতকাল সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে ওই বৃদ্ধ পান কিনতে চরনারায়ণপুর চৌরাস্তা বাজারে যান। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। আহতাবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ: কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। গতকাল ভোর ৫টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান সদর উপজেলার নারিকেলবাড়িয়ার শমসের আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় থাকতেন। হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরায় যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ: পিকআপ উল্টে এক নারী গার্মেন্ট শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। গত রোববার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পিকআপ করে গার্মেন্ট শ্রমিকরা ঢাকা থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই রেহানা খাতুন নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।