ফরিদপুরে স্ত্রী মমতাজ বেগম (২৮) হত্যা মামলায় স্বামী সুমন শেখকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি সুমন শেখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে ঘুমন্ত মমতাজ বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ায় বেঁধে রেখে পালিয়ে যান সুমন শেখ। এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির স্বীকারোক্তি জবানবন্দিতে বিজ্ঞ আদালত সুমন শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আদালত সূত্রে জানা গেছে।