দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ, গাজীপুর ও খাগড়াছড়িতে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নেত্রকোনা: দাঁড়িয়ে থাকা বালিবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরো দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের শম্ভগঞ্জ চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহতরা হলেন শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি গতকাল সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। গতকাল সকালে উপজেলার হাটিকুমরুল ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু আহমেদ একই উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, রঞ্জু আহমেদ নিজের অটোভ্যানে করে মাছ নিয়ে উল্টো পথে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক এসে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাজীপুর: কালিয়াকৈরে কয়লাভর্তি পিকআপের ধাক্কায় মুনছের হোসেন মঞ্জু (২০) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছের হোসেন মঞ্জু ঢাকার ধামরাই উপজেলার বাগমারা এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাসিব (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য আরোহী। গতকাল সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম: নগরীর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। দামপাড়া পুলিশ লাইনস থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।