কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকাজে বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয় জনসাধারণ কাজ বন্ধ করে দিলে প্রায় ১৫ দিন কাজ বন্ধ ছিল। পরে আবারো নিম্নমানের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইলস লাগানো, মূল ভবনের দরজা-জানালা সংস্কারসহ বিভিন্ন কাজের জন্য প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় শাম্মী বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, প্রকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে না। ঠিকাদারের এক আত্মীয় কাজটি বাস্তবায়ন করছেন বলে স্বাস্থ্য প্রকৌশলী জানান।
হাসপাতালের একাধিক কর্মচারী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের শুরু থেকে ঠিকাদার বিভিন্ন অনিয়ম করে আসছেন। মূল ভবনের ও বারান্দার মেঝের পুরনো অংশ না তুলেই তার ওপর বালি ও সিমেন্ট দিয়ে টাইলস লাগানো হচ্ছে। এতে যেকোনো সময় একটি টাইলস খুলে গেলে সব খুলে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, এর আগে নিম্নমানের কাজ হওয়ায় এলাকাবাসী তা বন্ধ করে দেয় এবং টাইলস খুলে ফেলে। ১৫ দিন বন্ধ থাকার পর পুনরায় একইভাবে কাজ চালু রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, ঢালাইয়ের সময় কাজের তদারকি কর্মকর্তা উপস্থিত না থাকায় ঠিকাদার ইট ভাঙার রাবিস ও পরিত্যক্ত খোয়া ব্যবহার করে ঢালাইয়ের কাজ করছেন। শুধু তাই নয়, মেশিনে মিকচার করে ঢালাই করার কথা থাকলেও হাতে মিকচার করে ঢালাইয়ের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে ঠিকাদার নাসিরুল ইসলাম ডিকু বলেন, মিস্ত্রিদের অবহেলার কারণে কিছু অনিয়ম হয়েছে। বাকি কাজ সঠিকভাবে করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম জানান, কাজের মান দেখার দায়িত্ব
হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের। আমরা প্রাক্কলন অনুযায়ী কাজ করতে বলেছি।
কাজের তদারক কর্মকর্তা কুড়িগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ
জানান, রিমডেলিং রেনোভেশন অ্যান্ড রিপেয়ারিং
প্রকল্পের আওতায় স্বাস্থ্য বিভাগের হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। কাজে কোনো অনিয়ম হলে কিংবা নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকলে তা অবশ্যই দেখা হবে।










