রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাংচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।










