বরিশালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিপুর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।

নিহত মোটরসাইকেল চালকের নাম আদনান। আদনান (১৯) বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার মাসুম হাওলাদারের ছেলে।

ওসি জাকির বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পাশে নথুল্লাবাদগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল চালক আদনানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

ওসি আরো বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।