কুমিল্লায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুমিল্লা: সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) ও তাদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। তাদের মধ্যে আবুল হাসেম চালকের আসনে ছিলেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান জানান, লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে চলছিল প্রাইভেট কার। এ সময় একটি বাস ও অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ইউটার্ন করে চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরিটি উল্টে যায়। এতে প্রাইভেট কারটি লরির নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। তারা বরুড়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কটির ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে চট্টগ্রামমুখী লেনের একাংশ দিয়ে যান চলাচল করছিল।
মুন্সিগঞ্জ: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কার চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন ও পরস্পরের বন্ধু।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাজ শেষে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে সিরাজদিখানে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের (পাশের সড়ক) নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে আসে। তখন বৃষ্টি হচ্ছিল। সামনে গাড়ি দেখতে পেয়ে মোটরসাইকেলচালক হঠাৎ ব্রেক করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চার আরোহী ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্রীনগরগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আওলাদ, হাবিল ও কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন ইমন।
গাজীপুর: জেলার শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।










