পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা, আমরা যেন আমাদের দেশে সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করতে পারি। একইসঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাস জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ড. হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, আজ পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। এবং মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি স্থিতি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরো বেগবান হয়।

তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। এই দেশ থেকে যেন সমস্ত সম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এই দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত-পথের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।


একইসাথে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে দেশ যেন আরো এগিয়ে যায়, মহান স্রষ্টার কাছে সেই প্রার্থনা করেন মন্ত্রী ড. হাছান।