কোথাও আইন-শৃঙ্খলা বা দুর্ঘটনাজনিত কোনো ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে পিরোজপুরের পুলিশ। এজন্য পিরোজপুরে চালু করা হয়েছে কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট (কিউআরআর) কার্যক্রম। বরিশাল ডিআইজি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে এ কার্যক্রম। ফলে দ্রুততম সময়ের মধ্যে মানুষ পাবে পুলিশি সেবা।

গতকাল পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এ সময় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ডিআইজি জানান, একটি হোয়াটসআপ গ্রুপের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হবে। কিউআরআর টিমে প্রতিদিন ২৪ ঘণ্টা কাজ করার জন্য পুরো জেলাকে ২৪টি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিম খবর পাওয়ার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে এবং তাত্ক্ষণিক ঘটনার ছবি ও অন্যান্য তথ্য হোয়াটসআপ গ্রুপে পাঠাবে।

ফলে কোনো ঘটনার তথ্য পরিবর্তন কিংবা আড়াল করার সুযোগ থাকবে না বলেও জানান ডিআইজি। এছাড়া এ ঘটনায় কোনো মামলা হলে কিউআরআর টিমের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয়ভাবে মারামারি, হানাহানি ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ঘটনাগুলোও কমবে। পর্যায়ক্রমে কিউআরআর কার্যক্রম পুরো বিভাগে চালু করা হবে বলেও জানান ডিআইজি এসএম আক্তারুজ্জামান।