ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন।

গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে নিজাম হাজারীর চিত্রগ্রাহক এস আলম সবুজ জানান, বেশ কিছুদিন যাবত নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগম নাসরিন শারীরিক কিছু সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার এমপি ও তার মেয়ে স্নিগ্ধা হাজারীও অসুস্থতা বোধ করলে  সপরিবারে করোনা টেস্ট করা হয়। রাতে তাদের তিনজনের করোনা নিশ্চিত করা হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে পুনরায় তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট ‘করোনা নেগেটিভ’ আসে। তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

সবুজ আরো জানান, শুক্রবার থেকেই সস্ত্রীক নিজাম হাজারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডিন আহমেদুল কবীর চৌধুরীর অধীনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তারা সবাই শারিরীকভাবে সুস্থতা অনুভব করছেন।