এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কুড়িগ্রামে তিন স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ, যাদের একজন কেন্দ্র সচিব। গতকাল মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওই শিক্ষকরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, সহকারী শিক্ষক জোবায়ের আলম ও আমিনুর রহমান রাসেল। একই বিদ্যালয়ের দুই শিক্ষক হামিদুর রহমান ও মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোরশেদুল হাসান বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি কুড়িগ্রামে চলমান এসএস‌সি পরীক্ষার ইং‌রে‌জি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়।

গতকাল রাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. আদম মালিক চৌধুরী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় তিন শিক্ষক গ্রেফতার হলেন।

এদিকে আজ বুধবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।