সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে জের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের ছেলে। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে পারভেজ আলম আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ আলী ও ডা. তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলি লেগে পারভেজ আলমের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।










