নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নরসিংদী পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।










