গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে গঠিত সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ। সকাল সাড়ে ১০টায় একনেক সভা শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
রেওয়াজ মেনে একনেক সভা শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে সচিবালয়ে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরো ৩৩টি প্রকল্প একনেককে অবহিত করার জন্য তোলা হবে।
উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ১ হাজার ১১২ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্ব) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও রয়েছে।
আরো রয়েছে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের উপস্থাপন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে। নগর উন্নয়ন খাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন নির্মাণ এবং ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভারের সোনানিবাসে সৈনিকদের জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও আলোচনায় উঠবে। সড়ক যোগাযোগ খাতে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি উপস্থাপিত হবে ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প।
অন্যদিকে পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদিত ৫০ কোটি টাকার কম বাজেটের ৩৩টি প্রকল্প একনেককে অবহিত করার জন্য উপস্থাপন করা হবে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে।










