ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূ নিজের সম্ভ্রম বাঁচাতে এক পুলিশকে কুপিয়েছেন। উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন ওই গৃহবধূ। আহত এসআই অজ্ঞাত স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন হাওলাদার জানান, তারাবুনিয়া পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় ভুক্তভোগী ওই নারীর ভগ্নিপতির একটি চায়ের দোকান আছে। ভগ্নিপতির দোকানে মাঝেমধ্যে যাতায়াতের ফলে ওই নারীর সঙ্গে এসআই আলমগীরের পরিচয় হয়।

গত সোমবার রাতে এসআই আলমগীর ওই নারীর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই এসআই। নিজের সম্ভ্রম বাঁচাতে ধারালো অস্ত্র দিয়ে এসআই আলমগীরকে কুপিয়ে রক্ষা পান তিনি। এ সময় পুলিশ কর্মকর্তার ব্যবহূত মুঠোফোনটিও রেখে দেন ওই নারী।

ভুক্তভোগী ওই নারীর দাবি, তাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে তিনি পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেন এবং ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এসআই আলমগীর ওই বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করতে চাইলে পুলিশ আগে মেডিকেলে গিয়ে পরীক্ষা করিয়ে আসতে বলে। 

কাঁঠালিয়া থানার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, আমি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে কথা বলার জন্য এসআই আলমগীরের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।