মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ বাংলাদেশীকে ঠেলে (পুশ-ইন) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেয়া হয়। পুশ-ইন ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের ১০০ গজ ভেতরে ৩০ বাংলাদেশীকে ঠেলে দেয় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন বলে জানা যায়। পরবর্তী সময়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারাবাসের পর তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। পুশ-ইন ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও চার শিশু রয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মানবাধিকার কর্মীদের মতে, পুশ-ইন কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, এটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলে। যখন একটি রাষ্ট্র তার সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে অন্য রাষ্ট্রে কাউকে জোরপূর্বক ঠেলে দেয়, তখন তা ওই রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। এক দেশের কোনো নাগরিক আরেক দেশে অনুপ্রবেশ করলে তাকে দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইন অনুসরণ করে ফেরত পাঠাতে হয়।