গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি ডিপ্লোম্যাটিক কোরের ৪০ সদস্য। আজ বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিমের নেতৃত্বে বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢাকায় নিযুক্ত ডিপ্লোম্যাটিক কোরের ৪০ জন সদস্যসহ মোট ৬৫ জন টুঙ্গিপাড়ায় যান।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের অভ্যর্থনা জানান। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক
স্থায়ী কমিটির সভাপতি ফারুক খানের নেতৃত্বে জাতির পিতার
সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের
নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভারপ্রাপ্ত ডিন মরোক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর সমাধি প্রাঙ্গণ পরিদর্শন করেন মরক্কোর রাষ্ট্রদূত। এছাড়া সমাধি প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা ও একটি আম গাছের চারা রোপণ করেন মাজিদ হালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী (ওয়েস্ট আইসিটি),
প্রটোকল প্রধান এম এনামুল হক, পিএস টু এইচএম
গোলাম মাওলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এইচএসএম)
আলাউদ্দিন ভূঁইয়া, জাতীয় বাস্তবায়ন কমিটির অতিরিক্ত সচিব
মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, কবি ও জাতীয় বাস্তবায়ন কমিটির
সদস্য তারিক সুজাত, পররাষ্ট্র বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী
কমিটির সদস্য নাজিম রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী
লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য তানভীর শাকিল জয়, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার
আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মাহাবুব আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল
বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন শেষে কূটনীতিকগণ টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন।










