ঋণখেলাপিদের সঙ্গে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি প্রশ্ন তোলেন, তিনি (তারেক রহমান) যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি-মন্ত্রী বানিয়েছেন তারা কবে নাগাদ ঋণ পরিশোধ করবেন?

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে নির্বাচন করেছে। এজন্য দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এটা বন্ধ না হলে দেশজুড়ে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করে- এমন অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা করতে তারেক রহমান ব্যর্থ হয়েছেন। তারুণ্যকে প্রাধান্য দিতে ব্যর্থ হয়েছেন। হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এদের দিয়ে তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন না।

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণভোটের জনরায়ের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের ওপর দমনপীড়নের না করার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে কার্যকর গণতন্ত্রের স্বার্থে ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবিও জানান।