বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখনো একই অবস্থায় রয়েছেন। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব না। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সে সময় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভী বলেন, চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি, ওনার শারীরিক অবস্থা অবনতি হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে, এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের বিষয়ে তিনি বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। এজন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে- হাসপাতালের সামনে ভিড় না করতে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন বলে জানান রুহুল কবির রিজভী। বলেন, তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে…, এ নিয়ে আমি বলব যে, উনি ঘুমানোর সময় পান কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটতে হচ্ছে।

রিজভী বলেন, লন্ডন ক্লিনিকের ডাক্তার যারা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন। প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিনসহ দলের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।