চলতি অথবছর শেষে ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী প্রণয়ন ও হিসাব নিরীক্ষার জন্য চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থার সচিব মশিউর রহমান কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেন।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) এবং সদস্য সচিব হয়েছেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। কমিটির অন্য সদস্যরা হলেন উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ কর্মকর্তা (অথবা সমপর্যায়ের কোনো কর্মকর্তা)।
এ কমিটি ওয়াসার আয়-ব্যয়, ভ্যাট ও আয়কর, স্থায়ী ও চলতি সম্পদ, মালিকানাস্বত্ব, দীর্ঘ ও স্বল্পমেয়াদি দায়সহ সব ধরনের লেজারভিত্তিক শিডিউল তৈরি করবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক বিবরণীও প্রণয়ন করতে হবে।










