দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল খালাস শুরু করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে থেকে বন্দরের ৯ নম্বর জেটি থেকে যন্ত্রাংশগুলো খালাস শুরু হয়। এর আগে রাশিয়ার ভলগা নদী থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজটি গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মোংলা বন্দরে পৌঁছয়।
মালামালগুলো নৌপথে লাইটার জাহাজে করে এক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প) বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চাহিদা অনুযায়ী এমভি ডাইসি জাহাজ ২ হাজার ৩৫৫ টন মেশিনারিজ প্যাকেজ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সতর্কতার সঙ্গে মালামালগুলো সড়ক ও নৌপথে রূপপুর পাঠানোর ব্যবস্থা করছেন কর্মকর্তারা।
বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ভিভিআইআর ১২০০ মডেলের দুটি ইউনিটে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। চাহিদা অনুযায়ী প্রথম ইউনিটের মালামাল মোংলায় এসে পৌঁছেছে। ২০২৩ সালের দিকে এই ইউনিটটি উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।










