ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমির নজরুল মঞ্চে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসব। করোনা মহামারীর কারণে দুই বছর এ উৎসব বন্ধ থাকায় এ বছর অনুষ্ঠান শুরুর আগেই মানুষের ঢল নেমেছে। অন্যদিকে গতকাল  ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসব।

সরকারি নজরুল একাডেমি মাঠে বুধবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ প্রথম দিনে বিকাল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আগামীকাল দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী কেএম খালিদ এমপি। জেলা প্রশাসক এনামুল হক এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খিলখিল কাজী।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি শেষ পর্যায়ে। কবির স্মরণে আলোচনা সভার পর প্রতি দিবসে স্থানীয় ও দেশবরেণ্য শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।