কুড়িগ্রামে আম গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় সত্তরোর্ধ্ব দুই ভাই-বোন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাঁঠালাবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই ছয়জনকে আটক করেছে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর গ্রামে বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষ দুলাল মিয়ার। বুধবার দিনের বেলা এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে পরিবারের অন্য সদস্যসহ লাঠিসোঁটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে আকষ্মিক হামলা চালায় দুলাল মিয়া ও তার লোকজন। এতে আঘাতপ্রাপ্ত হয়ে
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবুল কালাম আজাদ ও তার বড়ো বোন সকিনা বেগম। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।










