রংপুরে প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সামসুন নাহার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের বার্ন আইসিইউয়ের ইনচার্জ সিনিয়র নার্স মো. হেলাল মিয়া।
তিনি জানান, আগুন পোহাতে গিয়ে মিঠাপুকুর উপজেলার সন্তোষপুরের বাসিন্দা
রাজা মিয়ার স্ত্রী সামসুন নাহারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। দগ্ধ
অবস্থায় তাকে গত ১ জানুয়ারি রমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
রংপুর অঞ্চলে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এসময় খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন শীতার্ত মানুষেরা।
চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে
দগ্ধ হয়ে রমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৭ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বার্ন আইসিইউতে আছেন ৪ জন।










