জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলার ডিপোয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুদের অপচেষ্টা দেখা যাচ্ছে।
এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিপোগুলোয় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোয় বিজিবি মোতায়েন করেছে। এর আওতায় ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোয় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় চলছে।
ইউনিট সদর দপ্তর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ সব ক্যাম্প থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুদ, বিক্রয় প্রতিরোধ ও নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।
পাশাপাশি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি-রফতানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।










