সুনামগঞ্জের তাহিরপুরে আজমিনা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বসতঘরের অদূরে রাখা খড়ের মাচার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজমিনা উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের জৈতাপুর গ্রামের শাহনুর মিয়ার স্ত্রী। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজমিনার স্বামী শাহনুর মিয়া এক সপ্তাহ ধরে জামালগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটার কাজে ছিলেন। ওই গৃহবধূ তার পাঁচ বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়েকে নিয়ে বাড়িতেই থাকতেন। মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে তার ছেলেমেয়ের কান্না শুনে পাশের ঘর থেকে শ্বশুর ও অন্যরা এসে আজমিনাকে ঘরে পাননি। পরে শ্বশুরবাড়ির লোকজন গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ভোরে পুনরায় গৃহবধূর সন্ধানে বের হলে বসতঘরের কাছেই খড়ের মাচার নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায়, গালে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।










