শরিফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষণা অনুযায়ী, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটি। সেখানে বিকালে এ ঘোষণা দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দীর্ঘসময় ধরে অবরোধ চলায় শাহবাগের আশপাশের রাস্তায় যানজট তৈরি হয়েছে।
অবরোধে অংশ নেয়া নেতাকর্মীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘এ দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘যে হাদি জনতার, সে হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ হাদি হত্যার পেছনে জড়িত, পরিকল্পনাকারী, হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজ শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা দেশ থেকে জনতা আসছে।
শরীফ ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।










