ভয়ের পরিবেশ সৃষ্টি করে নৌকার প্রার্থী শামীম হক নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। নির্বাচনী অফিস ভাংচুর, প্রতিপক্ষের নেতাকর্মীদের হামলাসহ চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের নির্বাচনের মাঠে নামিয়ে এরই মধ্যে শামীম হক তার প্রার্থিতা বাতিলের সব কর্মকাণ্ড করে ফেলেছেন বলেও মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এ কে আজাদ। তার সমর্থক মো. আব্দুর রহমান শেখ ঝনকের ওপর হামলাসহ গত কয়েক দিনে নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এ কে আজাদ বলেন, ‘আজকে ফরিদপুরে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। শামীম হকের পক্ষে কাজ করছে ফরিদপুরের চিহ্নিত সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতেও আমার কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমার নারী কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী প্রচারণায় যারা কাজ করছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। অসংখ্যবার থানায় অভিযোগ করা হয়েছে। প্রার্থী নিজেও আমার কর্মীকে হুমকি দিচ্ছেন নির্বাচনের পর দেখে নেবেন বলে।’

‘এ কে আজাদ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন’—আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের এমন মন্তব্যের জবাবে এ কে আজাদ বলেন, ‘নির্বাচনী অফিসে হামলা, আমার কর্মীকে কুপিয়ে জখম করাসহ ভয়ের পরিবেশ সৃষ্টি করে শামীম হকই নির্বাচন বানচালের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান, শামীম হক নির্বাচন ভণ্ডুলের সব কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনিই মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টার প্রতিবাদে একই সময়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগ নেতারা। ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুউদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক অভিযোগ করেন, তার কর্মীদের ওপর স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর অভ্যন্তরীণ দায়ভার আওয়ামী লীগ কর্মীদের ওপর চাপানো এবং নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জনান তিনি।

শামীম হক দাবি করেন, বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর সময় তার কর্মীদের এ কে আজাদের সমর্থকরা ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেন। গুজব ছড়ানোর মাধ্যমে এ কে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, কোতোয়ালি থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগ সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা প্রমুখ।