একই সঙ্গে প্রশিক্ষণ, জনগণের মধ্যে যোগাযোগ ও পেশাগত অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের টেকসই উন্নয়ন সহযোগিতা এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে গতকাল ঢাকার শেরাটন হোটেলে সিঙ্গাপুর সহযোগিতা কর্মসূচির (এসসিপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অ্যালামনাই ডিনারে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সিঙ্গাপুর হাইকমিশন ইন ঢাকার আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন সময়ে এসসিপির প্রশিক্ষণে অংশ নেয়া বাংলাদেশের প্রায় ৭৫ জন সরকারি কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহান। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে অব্যাহত সহযোগিতা ও সক্ষমতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সহযোগিতামূলক অংশীদারত্ব শক্তিশালী করতে সিঙ্গাপুর সহযোগিতা কর্মসূচির ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি বলেন, ‘সক্ষমতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অংশীদার দেশগুলোর উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সিঙ্গাপুর প্রতিশ্রুতিবদ্ধ।’ এসসিপির সাবেক অংশগ্রহণকারীদের কর্মসূচিটির দূত হিসেবে ভূমিকা রাখার জন্যও তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে সিঙ্গাপুর সহযোগিতা কর্মসূচির আওতায় ১৮০টিরও বেশি দেশের ১ লাখ ৬০ হাজারের বেশি সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।