টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান ও কার্গো ট্রাকের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া এলাকায় পিকআপ ভ্যান ও মুরগির বাচ্চা ভর্তি কার্গো ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত ও তার সহকারী আহত হন। সংঘর্ষের পরপরই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ট্রেন লাইনে উঠে পড়ায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তেলের বগির সঙ্গে দ্বিতীয়বার সংঘর্ষ হয়। তখন থেকে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রেন স্টেশনের সহকারী মাস্টার আব্দুল মান্নান বলেন, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।