বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন তো উন্মুক্ত ছিলো। নির্বাচনে গেলে বিএনপির ভরাডুবি হবে বলেই তারা নির্বাচনে যায়নি। খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুল ৫০০ নেতাকর্মী জড়ো করতে ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়েও ব্যর্থ হয়েছে, মুক্তির আন্দোলনেও ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়ে কালক্ষেপণ করেছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপের জন্য বিএনপি কম দায়ী নয়।

কাদের বলেন, নতুন করে আন্দোলন কবে কোন বছর, কোন ঈদের পর, কোন পরীক্ষার পর? গত ১৫ বছর আন্দোলনের হাকডাক বারবার শুনেছি। বিএনপির আন্দোলন করার শক্তি সামর্থ্য সবই তারা হারিয়েছে। বিএনপি আন্দোলন করতে চাইলে নেতাকর্মী পাবে না। তাদের নেতাকর্মীরা হতাশ। তারেক রহমানের ওপর হতাশ। রিমোট কন্ট্রোলের ডাকে দেশের জনগণ সাড়া দেবে না।

এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকের থাকতে পারে। এমপি কিংবা মন্ত্রীরা এতে প্রভাব বিস্তার করবেন না। প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে। নির্বাচন শুরু হলে বোঝা যাবে কে আসলে প্রার্থী। নির্বাচনের দলীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। কেউ দলীয় নির্দেশ অমান্য করলে খেসারত দিতে হবে। 

উপজেলায় নিজের আত্মীয়দের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা এগুলো জানি। তদন্ত করে খোঁজখবর নিচ্ছি। তার বিরুদ্ধে যুবলীগের কমিটি দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, যুবলীগের কমিটি দিতে হলে যুবলীগের অনুমোদন লাগবে। আওয়ামী লীগের কমিটির অনুমোদন আওয়ামী লীগ দিবে। কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সেটার খেসারত দিতে হবে। সেটা যেই হোক।

আওয়ামী লীগের আগাম কাউন্সিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সম্মেলন করবে। এটা বিএনপি নয়। সময় মতো আওয়ামী লীগের সম্মেলন হবে, আগাম নয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।