সুন্দরবনে বন বিভাগের অভিযানে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এ আদেশ দেন। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবকে চাঁদপাই রেঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, গত ৭ এপ্রিল সুন্দরবনের করমজল এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। এ সময় হিলটন নাথ নামের এক জেলে নিখোঁজ হন। নিখোঁজের ছয়দিন পর ১৩ এপ্রিল রাতে নিখোঁজ ওই জেলের মরদেহ পাওয়া যায়।
নিহত জেলে হিলটন নাথের পরিবারের দাবি, বন বিভাগের লোকজন হিলটন নাথকে মারধর করে নদীতে ফেলে দেয়। নিখোঁজের ছয়দিন পর করমজলের বনের ভেতর থেকে গত বৃহস্পতিবার রাতে হিলটনের মরদেহ উদ্ধার হয়। নিহত হিলটনের বাড়ি মোংলার চিলা এলাকায়।
খুলনার দাকোপ থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘ঘটনার তদন্ত শেষে যখন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে তখনই জানা যাবে হিলটনের মৃত্যুর কারণ।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব দেয়া হয়েছে।’
চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে যোগদানের পর মাত্র দেড় মাসে অভিযানের নামে নিরীহ জেলেদের ওপর কয়েক দফা হামলা ও ফাঁকা গুলি ছোড়াসহ নানা কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনায় আসেন এসিএফ মাহবুব হাসান। জেলেদেরও দাবি ছিল এ বন কর্মকর্তাকে বদলির।
অবশেষে সেই বন কর্মকর্তা ক্লোজ হলেও যারা হিলটন নিহতের ঘটনায় দায়ী তারা রয়েছেন বহালতবিয়তে। তাদের মধ্যে স্পিডবোট চালক রাজা ও বোটম্যান মিজানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিচারের দাবি জানিয়েছেন হিলটনের বাবা মিঠুন নাথসহ স্থানীয় ভুক্তভোগী জেলেরা।










