বগুড়ায় সড়ক না বাড়লেও গত পাঁচ বছরে যানবাহন বেড়েছে দ্বিগুণেরও বেশি। যার বেশির ভাগ অনিবন্ধিত। সঙ্গে সঙ্গে বেড়েছে অবৈধ পার্কিং। শহরের প্রতিটি এলাকায় অধিক যানবাহনের কারণে যানজটে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করেন শহরের বাসিন্দারা।

বগুড়া বিআরটিএর সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় শহরে আগের তুলনায় মোটরযান চলাচল বেড়েছে। এখন বগুড়ায় লক্ষাধিক মোটরসাইকেল চলাচল করে। আগে ছিল প্রায় ৬০ হাজারের মতো। এটি গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। শহরের মাঝে এখন প্রতিদিন গড়ে দুই হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে। পাঁচ বছর আগে ছিল ৫০০-৬০০টি। অটোরিকশার সঙ্গে বেড়েছে বিভিন্ন ধরনের অটোচার্জার রিকশা। শহরের বিভিন্ন রুটে প্রায় এক লাখ বিভিন্ন ধরনের অটোরিকশা চলাচল করছে যা ২০১৯ সালেই ছিল প্রায় ৭০ হাজার। বাস-ট্রাকের সংখ্যাও বেড়েছে। চলাচলের জন্য সড়ক বাড়েনি।

এ বিষয়ে বগুড়া বিআরটিএর মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘শহরে আগের থেকে বেশি যানবাহন নিবন্ধন পেয়েছে। জেলায় এক লাখেরও বেশি মোটরসাইকেল রয়েছে। এগুলো নিবন্ধিত। এছাড়া বিভিন্ন ধরনের অটোরিকশার সংখ্যা প্রায় এক লাখ।’

এদিকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে গত তিন বছরে ৩৩ হাজার মামলায় জরিমানা করা হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষ মামলা করেছে ১১ হাজার ৮৪৮টি। আর জরিমানা আদায় করা হয়েছে ৪ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৭১০ টাকা। তার পরও শহরে জানজট নিয়ন্ত্রণে আসছে না।

বগুড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মাহবুবুল ইসলাম খান বণিক বার্তাকে বলেন, ‘যানজট নিরসনে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবৈধ যানবাহনের বিরুদ্ধে ১০ হাজার ৫৬৬টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৬২৫ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা হয়েছে ১০ হাজার ৫৯৩টি। জরিমানা আদায় করা হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৮১০ টাকা।’

শহরের বাসিন্দারা জানান, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে সবচেয়ে জনবহুল শহর বগুড়া। সেই সঙ্গে বাণিজ্যিক শহর বলে জেলায় প্রতিদিন বিভিন্ন জেলার তিন-চার লাখ লোকের সমাগম হয়। শহরের মধ্যে নিয়ম না মেনে দিনরাত অটোরিকশা, মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান যাতায়াত করছে। এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন যানবাহন রাস্তার পাশে পার্ক করায় যানজট বেড়েই চলেছে।

 শহরে বিভিন্ন ধরনের অটোরিকশা বেড়ে যাওয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ যানজটে পড়তে হয়। এতে ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে ১ ঘণ্টা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালালেও কোনো প্রতিকার হচ্ছে না।

বগুড়া ট্রাফিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে শহরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। এর মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। শহরের যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলারের বিরুদ্ধেও জরিমানা করা হয়। বিশেষ করে মহাসড়কগুলোয় নছিমন-করিমন ও লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধেও মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।