চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট। চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক যোগাযোগ আরো জোরদারের লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর নগরীর দ্য পেনিনসুলা চট্টগ্রামে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রোববার চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) সভাপতি মোহাম্মদ আবদুল আলীম রাজু। এসময় সিএমটিএফের সহ-সভাপতি নুরুল আনোয়ার জীবন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহসভাপতি দাউদ আরমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবদুল আলীম রাজু জানান, এবারের সামিটে ভারত, থাইল্যান্ড, চীন ও ইরানের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার সহজ করা, পেশাগত জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক হাসপাতাল ও বিশেষজ্ঞদের আরও শক্তিশালী যোগাযোগ স্থাপনই মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, প্রতিবছর চট্টগ্রাম অঞ্চলের বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যান। আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোগী ও স্বাস্থ্যসেবা খাতের বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করা। স্থানীয় ও আন্তর্জাতিক হাসপাতাল, চিকিৎসক এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে রোগীদের সরাসরি যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি করবে এই সম্মেলনে। সামিটে অংশ নেয়া হাসপাতালের প্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষ সেখানকার চিকিৎসা এবং খরচ নিয়ে সরাসরি কথা বলতে পারবেন।
সামিটে বিভিন্ন দেশের হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা উদ্যোক্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক, প্যানেল আলোচনা এবং স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।










