বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল সকালে নিজের ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেয়ার পর তাকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।

যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেন, লেখাটি তিনি লেখেননি, আইডি হ্যাক করা হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে দাবি করা হয়, প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ‘এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’