২০১২ সাল থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়। এর ধারাবাহিকতায় ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ প্রতিরক্ষা সংলাপ দুদেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হবে। উল্লেখিত সংলাপ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
এতে আরো বলা হয়, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।
বাংলাদেশের পক্ষে এ সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দ্বিপক্ষীয় এ প্রতিরক্ষা সংলাপের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে উন্নতি সাধন এবং পারস্পরিক বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।










