কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় চার বাংলাদেশী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার জবাবে একাধিক দেশের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা করেছে তেহরান। এর মধ্যে কুয়েতও রয়েছে। অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে দেশটির বিমানবন্দরে ড্রোন হামলার ধ্বংসাবশেষ দেখা যায়।
ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে ওই বাংলাদেশী প্রবাসীরা আহত হন। তারা হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।
উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে স্থানীয় দূতাবাস।
এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশী সমস্যার সম্মুখীন হলে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। নম্বরটি ২৪ ঘন্টা খোলা থাকে।










