বাংলাদেশ ও উগান্ডার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) শুরুর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষিরিত হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে দু’দেশের নিয়মিত আলোচনার পথ উন্মুক্ত করতে একটি কাঠামোগত ব্যবস্থা পেতে চুক্তিটি করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানানো হয়, উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাম্য, সংহতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদর্শ গড়ে তোলার জন্য বিভাজন ও অবিশ্বাসের চেয়ে ঐক্যের দিকে বেশি মনোনিবেশ করতে ন্যাম সদস্যদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, গত বছরের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে নারীদের ক্ষমতায়ন এবং যুব শক্তিকে কাজে লাগানোর জন্য বিনিয়োগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।