ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিপুল সংখ্যক আসনে বিএনপি নির্বাচিত হলেও দেশব্যাপী কোনো আনন্দ মিছিল কিংবা সভা না করার নির্দেশনা দিয়েছে দলটি। তবে এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় দলটির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিবৃতিতে এ নির্দেশনা দেয় দলটি। এতে বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠেয় দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।