দেশের চার স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়ায় ছয়জন এবং রাজধানীর বনশ্রীতে একজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর স্কুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লোকনাথপুর পশ্চিম পাড়ার এনামুল হকের ছেলে সেলিম হোসেন (২২) ও একই এলাকার তারিক হোসেনের ছেলে তানজিল হোসেন (২৩)। তাদের মধ্যে সেলিম ঘটনাস্থলে এবং তানজিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দামুড়হুদা মডেল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম ও তার বন্ধু তানজিল মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাদিপুর স্কুল মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। গুরুতর আহত অবস্থায় তানজিলকে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা: ট্রাকের ধাক্কায় পাবনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকালে পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়েছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: রাজধানীর বনশ্রীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। রোববার রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া: জেলার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলা গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদি হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া গ্রামের সাহাবুল হাসান (২০)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।