ইয়াবাসহ আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারী বকুল জোয়ার্দ্দারকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বকুল জোয়ার্দ্দার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োজিত ছিলেন। গত ২৪ মে ইয়াবাসহ আটক হন বকুল। সেই থেকে কারাগারে আছেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ মে বিকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী ঝিনাইদহের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে আটক করে। তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় র্যাবের টিম। ওইদিন রাতেই তাকে ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশের হস্তান্তর করা হয়। পরদিন তাদের ঝিনাইদহ আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই কারাগারে পাঠান।
এদিকে অফিসে অনুপস্থিত ও ইয়াবাসহ গ্রেফতার বিশ্ববিদ্যালয় প্রশাসন বকুলকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।
তিনি জানান, এর আগেও বকুল ২০০ পিচ ইয়াবাসহ আটক হয়েছিলেন। সেই অপরাধে ২০১৭ সালের ৩০ মে তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই বছরই তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।










