টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। পরে মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিশাল ওজনের বাঘাইর মাছটি ভূঞাপুর মাছ বাজারে উঠলে স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা সেটি ৬০ হাজার টাকায় কিনে নেন।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তারা। পরে মাছটি তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর মাছ বাজারে নিয়ে যান। এতে মাছের দাম হাকা হয় ৮০ হাজার টাকা। পরে দামদর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুরের ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন।

এর আগে বৃহৎ আকারের বাঘাইর মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ক্রেতা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইর মাছ নড়াচড়া করছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দরকষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।

মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে।