ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সফিকুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন, এলাকাবাসীর বরাত দিয়ে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, তার ইউনিয়নের চোড়াইগাতি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে সফিকুলসহ কয়েকজন আজ সকাল ১১টায় নাগড় নদীতে মাছ ধরতে যায়। এসময় নদী পাড় হয়ে ভারতের সীমান্তের ৩৮০ পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করা মাত্রই ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় ঘটনাস্থলেই মারা যান সফিকুল। পরে বাকিরা পালিয়ে আসেন। 

এ ঘটনার পর বিজিবি ও বালিয়াডাঙ্গী থানার সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান থানার ওসি হাবিবুল হক প্রধান।

চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, স্থানীয়রা মাঝে-মধ্যেই জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। আজও কয়েকজন মিলে মাছ ধরতে গিয়েছিল। তাদের মধ্যে সফিকুল নদী পর হয়ে ভারত সীমান্তের কাছে অবস্থান করা মাত্রই তাকে গুলি করে বিএসএফ। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সীমান্তে বাংলাদেশী নাগরিককে দেখা মাত্রই বিএসএফ’র সদস্যরা গুলি করে হত্যা করছে যা কোন ভাবেই কাম্য নয়। 

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে।