পিরোজপুর সদর উপজেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা গেছেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শংকরপাশা এলাকার নজরুল ইসলাম মিলন মল্লিক বলেন, ইউনিয়ন নির্বাচন উপলক্ষে ঝাউতলায় গত ৭ নভেম্বর তার চাচাতো ভাই নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভা হয়। সভা শেষে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল যোগে মিছিল করে তারা ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে মল্লিকবাড়ি স্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের কার্যালয় থেকে আনারস আনারস বলে স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের লোকজনের ওপর একটা ইটের টুকরা নিক্ষেপ করা হয়। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই মধ্যে সেখানে উপস্থিত থাকা নাসির উদ্দিন মাতুব্বর গুলি চালান। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন।

দলীয় নেতাকর্মীরা শুভকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে শুভকে ঢাকায় নিয়ে বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, শুভর ওপর হামলার দিনই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরসহ নয় জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে, জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।