বস্ত্র, পাট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল। আজ সোমবার (২৮ অক্টোবর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. সাখাওয়াত হোসেন কোরীয় প্রতিনিধিদের বস্ত্র, পাট এবং জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া আমাদের উন্নয়ন অংশীদার, একাধিক কোরীয় প্রকল্প বর্তমানে বাংলাদেশে কার্যকর রয়েছে।

তিনি আরো বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ এখন নিরাপদ। দীর্ঘমেয়াদি লিজে বন্ধ মিলগুলো আবার চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

কোরিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানিকারক দেশ। প্রতিনিধিদল খুলনায় অবস্থিত মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।