বাগেরহাটের চিতলমারীতে আহরণ ও বিক্রয় নিষিদ্ধ ৩৯টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

আজ বুধবার বিকেলে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলা সদরের হাটে কচ্ছপ বিক্রয়কালে তাদের হাতেনাতে আটক করে। পরে আটক ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে উদ্ধারকৃত কচ্ছপগুলোকে মধুমতি নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, চিতলমারী উপজেলার দড়ি উমাজুরি গ্রামে নলিণ হীরার ছেলে বকুল হীরা (৫০) এবং খাসেরহাট গ্রামের হরিবর হালদারের ছেলে সুভাষ হালদার (৬৫)।  তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ আহরণ ও ক্রয় বিক্রয় করে আসছিলেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মারুফুল আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।তারপরও অসাধু কিছু লোক কচ্ছপ আহরণ করে বাজারে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা ৩৯টি কচ্ছপসহ দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোকে মধুমতি নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।